তৈরি পোশাক খাতে নারী কর্মীদের সংখ্যা কমছে

 

এক সময় এ সেক্টরে কর্মরতদের সিংহভাগই ছিল নারী। কিন্তু কম মজুরি, দীর্ঘ কর্মঘণ্টা, উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের চাপ, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি চালানোর দক্ষতার ঘাটতি, কর্মক্ষেত্রে হয়রানি ও নিপীড়ন, সন্তান লালন-পালন, গৃহস্থালির কাজের চাপ সামলাতে গিয়ে তৈরি পোশাক খাতে নারী শ্রমিকের সংখ্যা দিন দিন কমছে।

তৈরি পোশাক খাতে নারী কর্মীদের সংখ্যা কমছে

এমন অবস্থায় দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে, রফতানি আয়ের শীর্ষ এ খাতে নারী শ্রমিকদের জন্য সহায়ক কাজের পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিয়েছেন বক্তারা।  


সোমবার (২৮ অক্টোবর) হোটেল রেডিসন ব্লতে ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্প আয়োজিত ‘তৈরি পোশাক খাতে নারীদের টেকসই ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম। বিভিন্ন সমীক্ষার বরাত দিয়ে সভায় আলোচকগণ বলেন, সাম্প্রতিক সময়ে এ তৈরি পোশাক খাতে নারী কর্মীদের হার ৫৫ শতাংশের নিচে নেমে এসেছে যা তাদের অর্থনৈতিক ক্ষমতায়নকে প্রভাবিত করছে। এছাড়া এ খাতে অটোমেশন নারীদের চাকরির সুযোগ হ্রাস এবং লিঙ্গবৈষম্য তৈরি করছে।

বক্তারা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উৎপাদনশীলতা, কর্মীদের কল্যাণ এবং এ শিল্পের টেকসই উন্নয়নের জন্য তাদের দক্ষতা বৃদ্ধি, পোশাক খাতে সামাজিক ও পরিবেশগত মানদণ্ড মেনে চলা, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি সহ সার্বিকভাবে নারী-বান্ধব কর্ম পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান। এ খাতে বিরাজমান সমস্যা সমাধানে সরকার, গার্মেন্টস মালিক, ক্রেতা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, ট্রেড ইউনিয়ন এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সক্রিয় ভূমিকার উপর জোর দেয়া হয়।
  

কেয়ার এশিয়া অঞ্চলের প্রধান রমেশ সিং এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস্ অ্যান্ড গভর্ন্যান্স অফিসের উপ-পরিচালক ব্লেয়ার কিং। ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্পের চিফ অব পার্টি আমানুর রহমানের সঞ্চালনায় এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিভিএইচ কর্পোরেশনের কর্পোরেট রেসপন্সিবিলিটি ম্যানেজার বুশরা বিনতে বাতেন, শ্রম অধিদপ্তরের পরিচালক এসএম এনামুল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মতিউর রহমান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

অনুষ্ঠানের মুক্ত আলোচনায় পিভিএইচ সাপ্লাই চেইন ফ্যাক্টরির কর্মকর্তা, বিভিন্ন ব্র্যান্ড, নাগরিক সমাজ, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা সভায় পোশাক খাতে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে নারী উন্নয়ন নীতি, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল, জাতীয় কর্মসংস্থান নীতিসহ সংশ্লিষ্ট নীতি কাঠামোতে নারীদের অধিকার এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে সহিংসতার বিরুদ্ধে আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন, কর্মক্ষেত্রে সমতা নিশ্চিত করা এবং দক্ষতা বৃদ্ধির জন্য নারী কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করার সুপারিশ করা হয়।

Post a Comment

0 Comments