কাউনিয়ায় টাচ মোবাইল কিনে না দেওয়ায় মোহনা খাতুন নামে এক স্কুলছাত্রী ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের চর প্রাণনাথ গ্রামে এ ঘটনা ঘটে।
মোহনা খাতুন (১৪) উপজেলার শহীদবাগ ইউনিয়নের চর প্রাণনাথ গ্রামের মো. মহসিন আলীর কন্যা। সে প্রাণনাথচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোহনা পিতার কাছে টাচ মোবাইল কিনে দেওয়ার আবদার করলে মা তাকে গালমন্দ ও বকাবকি করেন। এতে মোহনা মনের দুঃখে ও ক্ষোভে বাড়ির লোকজনের দৃষ্টির অগোচরে বাড়িতে রাখা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কাউনিয়া থানার ওসি এসএম শরিফ ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট (বিষ) খেয়ে আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

0 Comments